২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম চালু করা হবে: শিক্ষামন্ত্রী
২০২৮ সালের মধ্যে দেশে নতুন শিক্ষাক্রম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, 'আমাদের মতো শিক্ষাব্যবস্থা বিশ্বের কোথাও নেই। এ অবস্থার পরিবর্তন দরকার। এখন শুধু চারটি নতুন বই দেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হবে। এখন থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।'
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজির জাতীয় সম্মেলনের 'রিবিল্ডিং ফ্র্যাজাইল ইকোনমি অ্যান্ড অ্যাচিভিং সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস'- শীর্ষক অধিবেশনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিন দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
নতুন কারিকুলাম প্রণয়নের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, 'বর্তমানে শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের জন্য কাজ চলছে।'
বর্তমান শিক্ষাব্যবস্থায় 'সিস্টেম লস' রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষার প্রতিটি ধাপে শিক্ষার্থীরা ঝরে পড়ছে।'
তিনি বলেন, 'বিদ্যুতে সিস্টেম লস রিকভার করা সম্ভব হলেও শিক্ষায় এই ক্ষতি পূরণ করা যায় না। শিক্ষাক্ষেত্রে এমন ক্ষতি জাতির জন্য অপূরণীয় হয়ে দাঁড়াচ্ছে।'
এসডিজি অর্জনে মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। এ কারণে শিক্ষায় বরাদ্দ বাড়ানো হচ্ছে।'
আগামী ১৫ আগস্ট ৭৫ হাজার শিক্ষককে পেনশনভাতা দেওয়া হবে বলেও জানান তিনি। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।
জুলাই বিপ্লবের পর সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনের প্রত্যাশা থাকলেও তা হচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
পরীক্ষা, ফলাফলসহ বিভিন্ন বিষয় ঘিরে ধারাবাহিক আন্দোলনের কারণে কাজের পরিবেশ ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, 'পরীক্ষা নিলেও আন্দোলন, না নিলেও আন্দোলন। পাস করলেও আন্দোলন, ফেল করলেও আন্দোলন। আন্দোলন করে কাজ করতে দেওয়া হচ্ছে না। এটা কাম্য ছিল না।'
তিনি বলেন, 'একটু ধৈর্য ধরতে হবে। দেখতে হবে আমরা কী করছি। সমালোচকরা সমালোচনা করুন, কিন্তু সেটি হতে হবে গঠনমূলক।'
