শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
বিএনপিকে শিক্ষার্থীদের সঙ্গে 'টাল্টিবাল্টি' না করতে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় এনসিপির এক পথসভায় তিনি এমনটা বলেন। এর আগে শহরের কালিতলা হাট এলাকা থেকে দলটির একটি পদযাত্রা শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয় এবং পরে সেখানে পথসভাটি অনুষ্ঠিত হয়।
পথসভায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'এইচএসসি পরীক্ষার্থীদের বলব, তোমরা ভয় পাবা না। শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, বুট দিয়ে লাথি মেরেছে, কলার চেপে ধরেছে। এই বাচ্চারা কাল ভার্সিটিতে যখন যাবে, তখন তারা বলবে বিএনপিকে আমরা চাই না। তখন আপনারা কী করবেন? এ জন্য আপনাদের বলতে চাই, এই শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি করেন না। একেবারে প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে।'
তিনি বলেন, 'আমাদের বলা হয় নাকি জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব। তবু আমরা তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না।'
বক্তব্যের শেষ পর্যায়ে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এর আগে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এনসিপির অপর একটি পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। সেখানে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সতর্ক করে বলেন, 'গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সরকারের পরিণতিও পতিত ফ্যাসিস্ট সরকারের মতোই হবে।'
বগুড়ার এই পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ ও সদস্য সচিব সুলতান মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
