ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, আবাসন সংকট এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রীকরণ কমাতে ঢাকার উপকণ্ঠে একটি 'সেকেন্ডারি সিটি' (দ্বিতীয় নগর) গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ে সরকার একটি সমীক্ষা শুরু করেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বিএনপির নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীর লিখিত জবাব উপস্থাপন করা হয়।
জাকারিয়া তাহের বলেন, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ক্রমবর্ধমান আবাসন সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনার অংশ হিসেবেই প্রস্তাবিত 'সেকেন্ডারি সিটি' গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, 'গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৯৮ একর জমিতে নিম্ন আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'প্রকল্পটি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।'
মন্ত্রী বলেন, 'আবাসন সংকট কমাতে জনপ্রতিনিধিদের চাহিদার ভিত্তিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেশের বিভিন্ন শহর ও নগরে আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে।'
নরসিংদীর মতো শিল্পসমৃদ্ধ জেলায় আবাসন উদ্যোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এখন পর্যন্ত নরসিংদীতে কোনো আবাসন প্রকল্প গ্রহণ করেনি।'
তবে তিনি বলেন, 'স্থানীয় পর্যায়ে চাহিদা, অনুকূল সম্ভাব্যতা সমীক্ষা এবং বিরোধমুক্ত জমির প্রাপ্যতা নিশ্চিত হলে নরসিংদীতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য একটি আবাসন প্রকল্প গ্রহণের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।'
