ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টি, ভারী বর্ষণ থাকতে পারে আরও ২দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত হচ্ছে। নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ নগরবাসী। আজ সকাল থেকে ছয় ঘণ্টায় রাজধানীতে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও দুই দিন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে অনুকূল আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে আগামী অন্তত দুই দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর ১৪-১৫ জুলাইয়ের দিকে রাজধানীতে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল হক জানান, আজ রোববার সকাল থেকে ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, আগামী দুই দিন দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। তবে ১৪-১৫ জুলাইয়ের দিকে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করবে। এ সময় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বাড়তে পারে।
মমিনুল হক আরও বলেন, ৫ জুলাইয়ের পর থেকে মাত্র চার দিনে চট্টগ্রামে প্রায় এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এত অল্প সময়ে অস্বাভাবিক মাত্রার এই বৃষ্টিপাতকে তিনি এল নিনোর প্রভাব হিসেবে উল্লেখ করেছেন।
একই ধরনের পরিস্থিতি শুধু বাংলাদেশেই নয়, ভারত, চীনসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও দেখা যাচ্ছে বলে জানান তিনি।
আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় আগামী অন্তত দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
এদিকে বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
