আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক
আওয়ামী লীগ নেতাদের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১১ জুলাই) নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে আয়োজিত মফজলুর রহমান মজুমদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নোয়াখালীর সেনবাগের স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দলের নেতা-কর্মী হলেও ছাড় দেওয়া হবে না।'
অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে জয়নুল আবদিন ফারুক আরও বলেন, 'এর আগে যুবদলের দুই নেতাকে জেলে পাঠানো হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে ইয়াবা ব্যবসা করছেন, সংশোধন না হলে তাদেরও থানায় পাঠানো হবে।'
এ সময় এলাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'যে গ্রামীণ রাস্তা দিয়ে দেড় টনের ট্রাক চলার কথা, সেখানে কিছু লোক ২০ টনের ভারী ট্রাক চালিয়ে রাস্তাঘাট ভেঙে তছনছ করছে।'
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, 'ভোটের এখনো প্রায় সাড়ে চার বছর বাকি আছে। এই সময়ে যদি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মন জয় করতে পারেন, তবে মানুষ নির্বাচনে অবশ্যই বিএনপিকে বিবেচনা করবে।'
গণতান্ত্রিক ধারার রাজনীতির প্রতি জোর দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, 'বিএনপি কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মতো জোর করে বা ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না।'
