ভারী বর্ষণে জলাবদ্ধ সড়ক, সরেজমিনে দেখলেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল
টানা ভারী বৃষ্টির পর রাজধানীর বেশ কয়েকটি এলাকার রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেনঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার (১২ জুলাই) দুপুরে তিনি প্রথমে গুলশান, পরে বনানী, মহাখালী, জাতীয় সংসদ ভবন এলাকা, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় প্রবল বৃষ্টির কারণে জমে থাকা পানির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় ডিএনসিসি প্রশাসক সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত পানি অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে এসব এলাকায় ভবিষ্যতে যাতে পানি জমে না থাকে সেজন্যও দিক-নির্দেশনা দেন তিনি।
শফিকুল ইসলাম খান জাতীয় সংসদ ভবন এলাকায় কখনো যেন পানি না জমে থাকে সেজন্যও সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে পরামর্শ করার নির্দেশনা দেন। তিনি কাজীপাড়া খালের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন। এ সময় প্রশাসক কাজীপাড়া ও শেওড়াপাড়ার পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন।
সরেজমিনে পরিদর্শনকালে প্রশাসক নালা ও ড্রেন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশেপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান।
এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসকের একান্ত সহকারীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
