চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে আবার চালু হলো ‘জোবাইক’ সেবা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ১০টি ইলেক্ট্রিক বাইক নিয়ে পরীক্ষামূলকভাবে আবার চালু হয়েছে অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা 'জোবাইক'।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় চাকসু ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
জোবাইক কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)–এর উদ্যোগে চালু হওয়া এ সেবা আগামী ৪০ দিন পরীক্ষামূলকভাবে পরিচালিত হবে। এরপর ক্যাম্পাসে ১০০টি বাইসাইকেল আনার পরিকল্পনা রয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় জোবাইক সেবা চালু থাকবে।
প্রাথমিকভাবে জিরো পয়েন্ট, জীববিজ্ঞান অনুষদ, ২ নম্বর গেট এবং চাকসু ভবনের সামনে পার্কিং পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। ইলেক্ট্রিক বাইকের ক্ষেত্রে প্রতি মিনিটে ভাড়া দেড় টাকা এবং প্যাডেল বাইকের ক্ষেত্রে প্রতি মিনিটে ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, প্রতিবার বাইক আনলক করতে প্রায় দেড় টাকা খরচ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন (অ্যাকাডেমিক), উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম (প্রশাসন), প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহ জহুর, জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা, জোবাইকের ডিরেক্টর শরীফ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং চাকসুর প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, 'জোবাইক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি দারুণ সংযোজন। আমাদের শিক্ষার্থীরা এর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে এবং তারা এসব সাইকেল সঠিকভাবে ব্যবহার করবে। জোবাইক আগেও ক্যাম্পাসে এসেছিল। তবে এবার যেন পূর্বের তিক্ত অভিজ্ঞতা নিয়ে জোবাইক ফেরত যেতে না হয়।'
জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা বলেন, 'চবি শিক্ষার্থীরা জোবাইক আনার জন্য পিটিশন করে। এরপর থেকে আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। অবশেষে আজকে আমরা জোবাইক নিয়ে ক্যাম্পাসে এসেছি। আগে শুধু প্যাডেল সাইকেল থাকলেও এবার আমরা ইলেক্ট্রিক বাইক সংযোজন করেছি।'
তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের চাহিদা থাকলে আগামী ৪০ দিন পর ১০০টি প্যাডেল বাইসাইকেলের সঙ্গে ৫০টি ই-বাইকও সংযোজন করা হবে। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২০টি পার্কিং পয়েন্ট থাকবে। এসব পয়েন্টেই সাইকেল রাখতে হবে শিক্ষার্থীদের। এছাড়া শিক্ষার্থীদের জন্য চমৎকার জো-ক্যাফে তৈরি করা হবে।'
চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, 'ক্যাম্পাসে ২০১৯ সালের দিকে প্রথমবারের মতো জোবাইক সেবা চালু হয়েছিল। তবে বিভিন্ন কারণে প্রায় পাঁচ বছর ধরে সেবাটি বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে ক্যাম্পাসে আজ আবার জোবাইকের যাত্রা হলো।'
জোবাইক একটি স্মার্টফোনভিত্তিক অ্যাপের মাধ্যমে পরিচালিত বাইসাইকেল সেবা। ব্যবহারকারীকে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরপর কিউআর কোড স্ক্যান করে বাইক আনলক করে ব্যবহার করা যায় এবং এ জন্য নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হয়।
