ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির অন্তত ১৭ জন নেতা-কর্মী হামলার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, বিএনপি সমর্থিত ছাত্রদল ও যুবদলের সদস্যরা আজ শুক্রবার (২২ মে) এই হামলা চালিয়েছে। পৃথক বিবৃতিতে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার দল এনসিপি এই হামলার জন্য বিএনপির সহযোগী সংগঠন দুটির নেতা-কর্মীদের দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ২টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের বিপরীত পাশে অবস্থিত পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে জুম্মার নামাজের পর এই ঘটনা ঘটে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আজ বিকেলে এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, জেলায় একটি নির্ধারিত কর্মসূচি শেষে তিনি যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা এই অতর্কিত হামলা চালায়।
তিনি লিখেছেন, "ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন।"
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, "আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। হামলায় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আবদুল মজিদ এবং নব্য বিএনপি কর্মী রাশেদ খানের সম্পৃক্ততা রয়েছে। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।"
পরবর্তীতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি এই ঘটনাকে একটি 'ঘৃণ্য হামলা' হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, "যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ১৭ জনের বেশি নেতা-কর্মী এই হামলায় আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।"
বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা মূলত দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার প্রতিফলন। এনসিপির অভিযোগ, সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রদল দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী রাজনৈতিক দল ও গোষ্ঠীর ওপর সহিংসতা এবং পরিকল্পিতভাবে 'মব অ্যাটাক' চালাচ্ছে।
দলটি দাবি করেছে, "এই হামলা প্রমাণ করে যে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ এবং তারা রাজনৈতিক প্রতিপক্ষকে সহিংসতার মাধ্যমে মোকাবিলা করতে চায়।" এনসিপি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।
এদিকে, এই অভিযোগের বিষয়ে স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
