কুষ্টিয়ায় সরকারি খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা, স্কেভেটরে আগুন
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারি খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় প্রকল্পে দায়িত্বরত চালক ও নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এরই অংশ হিসেবে খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর এলাকার প্রায় ৩ কিলোমিটার খাল খনন কাজ শুরু হয়। গত ১৬ মার্চ প্রকল্পটির উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল প্রকল্প এলাকায় প্রবেশ করে। মুখে গামছা বাঁধা অবস্থায় তারা খনন কাজে ব্যবহৃত দুটি স্কেভেটর মেশিন লক্ষ্য করে হামলা চালায়। এ সময় প্রকল্পে দায়িত্ব পালনরত চালক ও নৈশপ্রহরীদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী বিদ্যুৎ জানান, তিনি সাপ্তাহিক বেতনে প্রকল্প এলাকায় দায়িত্ব পালন করছিলেন। রাত আনুমানিক ১টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল এসে তাদের বুকে অস্ত্র ঠেকিয়ে মারধর শুরু করে। পরে তারা স্কেভেটরের ব্যাটারি খুলে নিয়ে পেট্রোল ঢেলে মেশিনে আগুন ধরিয়ে দেয়।
কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, 'দুর্বৃত্তরা স্কেভেটরের ব্যাটারি খুলে নিয়ে মেশিনে আগুন দিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, 'গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্তরা প্রকল্প এলাকায় হামলা চালিয়ে চালক ও হেলপারদের মারধর করে। তারা একটি স্কেভেটরে আগুন দেয় এবং মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
