সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
ঢাকার সাভারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক (৬৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বিনোদবাড়ি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আমিনবাজার ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক পটুয়াখালীর বাউফলের বাসিন্দা। তিনি সাভারের আমিনবাজার ইউনিয়নের বিনোদবাড়ি এলাকার ওই বাসায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী।
তিনি বলেন, 'ভুক্তভোগী শিশুটির পরিবার এবং গ্রেপ্তার ব্যক্তি একই বাড়ির পাশাপাশি দুটি ঘরে থাকে। গতকাল বিকেলে রাজ্জাক শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি প্রকাশ পেলে লোকজন সন্ধ্যায় রাজ্জাকের বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।'
তিনি আরও বলেন, 'রাতে ভুক্তভোগীর পরিবার ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছে।'
