দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
দেশে আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশু মারা গেছে। এর মধ্যে নয়জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছিল। বাকি দুই শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
শুক্রবার (২২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৬১ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৫৪ জন রোগীর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
চলতি বছরে দেশে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে অন্তত ৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৪১৪ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত পরীক্ষার মাধ্যমে দেশে মোট আট হাজার ৩২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, দেশজুড়ে এখন পর্যন্ত ৬০ হাজার ৫৪০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৪৩ হাজার ৪১১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
