ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩৫) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। পরে বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত দ্বীন ইসলাম শিমরাইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর ছিলেন এবং 'তালাশ ক্রাইম দৃষ্টি' নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, আজ দুপুরে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে বেধড়ক পিটিয়ে মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী কুমিল্লা জেলার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা শফিকুল ইসলাম জানান, মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করতো দ্বীন ইসলাম। এগুলো নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল। ওই চক্রটিই দ্বীন ইসলামকে হত্যা করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
