শহীদ মিনারে শিক্ষার্থী হত্যা: ২ আসামির স্বীকারোক্তি, খুলনার শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজ শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার গোলাম রসুল শিহাব এবং সাগর কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া রাফিন শেখ এবং শাহরিয়ার নাজিম জয় নামে দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামিদের জবানবন্দি রেকর্ড এবং এই রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মিঠু সরকার এ তথ্য নিশ্চিত করেন।
জবানবন্দির আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তে জানা গেছে আসামি মো. গোলাম রসুল শিহাব এবং মো. সাগর ফকির এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা এবং খুলনার শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে এটি ঘটানোর কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তারা স্বেচ্ছায় আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিতে ইচ্ছুক। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা একান্ত প্রয়োজন।
এর আগে গত রোববার (১৫ মার্চ) রাত ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন রাকিবুল ইসলাম।এ ঘটনায় তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন হত্যা মামলাটি দায়ের করেন।
