সীতাকুণ্ডে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ধর্ষণের পর শিশুটির গলা কেটে ফেলা হয়েছিল।
গতকাল রোববার (১ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে এই নৃশংস ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
