পোলিং এজেন্ট পরিবর্তনসহ অব্যবস্থাপনা ও পক্ষপাতের অভিযোগ তিন প্যানেলের ৩ প্রার্থীর
ভোটে অব্যবস্থাপনা ও প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তিনটি প্রধান প্যানেলের প্রার্থীরা।
স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেন, তাদের পোলিং এজেন্টদের পরিবর্তন করা হয়েছে।
তিনি বলেন, 'যেসব এজেন্টকে আমরা মেয়েদের হলে নিয়েছিলাম, তাদের ছেলেদের হলে দেওয়া হয়েছে। আর যাদের ছেলেদের হলে দিয়েছিলাম, তাদের মেয়েদের হলে পাঠানো হয়েছে। প্রশাসন সমাধান করবে বলেছিল, কিন্তু তা করেনি। আমরা সকালেই এসে দেখি বিশৃঙ্খল অবস্থা। পরে আমাদের বিষয়টি স্বতঃসিদ্ধভাবে সমাধান করতে হয়েছে।'
উমামা ফাতেমা আরও বলেন, যেসব পোলিং এজেন্টকে বাদ দেওয়া হয়েছে, তাদের বাদ পড়ার কারণ আমাদের অবশ্যই জানানো উচিত। কারণ ভোট গণনার সময় এজেন্টরা উপস্থিত থাকবেন এবং ওই সময়ে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তা আমরা জানাতে পারব।
তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রের সংখ্যা কম এবং শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে সারিতে দাঁড়াতে হচ্ছে। ভোটারদের ফোন ও ব্যাগ রাখার ব্যবস্থা নেই। এছাড়া স্যালাইন ও পানি রাখার কথা থাকলেও তা প্রশাসন নিশ্চিত করেনি।
এছাড়া ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেছেন, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টদের সুবিধা দেওয়া হয়েছে। তিনি এ ধরনের আচরণকে 'পক্ষপাতদুষ্ট' বলে অভিযোগ করেন।'
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদেরও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। মঙ্গলবার দুপুরে তিনি ফেসবুকে লিখেছেন, 'নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে শিবির ছাত্রদলকে নির্বাচনে কারচুপি করতে সহযোগিতা করেছে।'
