বিষাক্ত মদপানে মুন্সীগঞ্জে ৪ জনের মৃত্যু
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। মৃত্যুর পর তাদের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
নিহতরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
এ ঘটনায় অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "অতিরিক্ত ও বিষাক্ত মদপানেই তাদের মৃত্যু হয়েছে।"
টংগিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, "বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
