গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
গেইট পাস ফি আদায়ে অতিরিক্ত টাকা দাবি করাকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা কর্মী ও ট্রেইলার শ্রমিক সংগঠনের নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জের ধরে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে বন্দর দিয়ে সব ধরনের কনটেইনার পরিবহন ও ডেলিভারি কার্যক্রম বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।
সংঘর্ষের এ ঘটনায় বন্দরের নিরাপত্তা কর্মী আশিকুর রহমানসহ অন্তত দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শ্রমিক সূত্র নিশ্চিত করেছে।
শ্রমিকদের অভিযোগ, বন্দরে প্রবেশের গেইট পাস ফি নিয়ে মূলত বিরোধের সূত্রপাত হয়। প্রাইম মুভার অ্যান্ড ট্রেইলার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, 'একটি গেইট পাসের সরকারি ফি ৫৭ টাকা হলেও শ্রমিকদের কাছ থেকে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। ট্রেইলার শ্রমিক সমিতির কোষাধ্যক্ষ মোক্তার হোসেন অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ করলে বন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে লাঞ্ছিত ও মারধর করেন।'
ঘটনার বিস্তারিত তুলে ধরে সেলিম খান আরও বলেন, 'এ ঘটনার পর আমরা বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। তারা এসে বিষয়টি সমাধানের প্রস্তাব দেন। পরবর্তীতে আমরা সবাই যখন ৪ নম্বর গেইটে যাই, সেখানে আবারও বাগ্বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পর পরই পরিবহন শ্রমিকরা একত্রিত হয়ে বন্দরে সব ধরনের কনটেইনার ডেলিভারি ও পরিবহন কাজ বন্ধ করে দেন।'
বন্দর ব্যবহারকারীদের তথ্য মতে, চট্টগ্রাম বন্দর থেকে দৈনিক গড়ে অন্তত ৫ হাজার টিইইউস কনটেইনার খালাস ও সরবরাহ করা হয়। জাহাজ থেকে কনটেইনার নামানোর পর তা ট্রেইলার, ট্রাক ও কাভার্ডভ্যানে করে দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে বিকেল থেকে পরিবহন কাজ স্থগিত হয়ে পড়ায় বন্দর থেকে পণ্য পরিবহন ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা ও ব্যাঘাত তৈরি হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রিফায়েত হামিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
