কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
কুমিল্লার মেঘনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার এবং স্থানীয় বিএনপি নেতা আব্দুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জেরে মঙ্গলবার ভোরে প্রথমে আব্দুল বারেকের লোকজন রবিউল্লাহ রবি সরকারের লোকজনের ওপর হামলা চালায়। পরে রবি সরকারের লোকজন পাল্টা হামলা চালাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ইট-পাটকেল ও টেঁটা নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের ৩৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, 'আজ ভোরে নলচর গ্রামের রবিউল্লাহ রবি ও বারেক প্রধানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষই ইট-পাথর নিক্ষেপ করেছে।'
তিনি আরও বলেন, 'বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
