জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার
অন্যায়, অসত্য ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর একটি কনভেনশন হলে জামায়াতে ইসলামীর কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাই করা রুকনদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
তিনি বলেন, 'জামায়াতে ইসলামীর রুকনদের নিয়মিত অধ্যয়ন, প্রশিক্ষণ, আত্মসমালোচনা ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের আরও সমৃদ্ধ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'
জামায়াতের এই নেতা বলেন, 'নেতাকর্মীদের দক্ষ, সৎ, জ্ঞানী, যোগ্য ও আদর্শিক জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। ইমানি শক্তিতে বলীয়ান কোনো জনশক্তিকে কোনো অপশক্তি নস্যাৎ করতে পারবে না।'
গোলাম পরওয়ার আরও বলেন, 'জামায়াতে ইসলামীর জনশক্তিকে শুধু সাংগঠনিক কর্মী হলে চলবে না। তাদের কোরআন-সুন্নাহর জ্ঞান, তাকওয়া, আমল-আখলাক, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।'
কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পরিচালক মাওলানা এ টি এম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরটি পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল এবং মুহাদ্দিস আবু নছর আশরাফী। শিক্ষা শিবিরে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাই করা রুকনেরা অংশ নেন।
