রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পিক আওয়ারে (সর্বোচ্চ চাহিদার সময়) ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিবি)-এর ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।
১,৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে উৎপাদিত সম্পূর্ণ ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) প্রকৌশলী মো. জহুরুল ইসলাম।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১০ সালে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান 'বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড' (বিআইএফপিসিএল) গঠিত হয়, যা বর্তমানে কেন্দ্রটি পরিচালনা ও প্রকল্প বাস্তবায়ন করছে।
