বাগেরহাটে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালার নির্দেশ
বাগেরহাটের সব ধরনের অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (১০ অক্টোবর) বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অনেকেই চিকিৎসাসেবার নামে ব্যবসা করছেন। যদি কেউ সত্যিকার অর্থে পেশাদারভাবে ব্যবসা করেন, তাহলে আপত্তি নেই। কিন্তু যারা অপেশাদার কাজ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, যদি কোনো প্রতিষ্ঠানের বৈধতা দেওয়ার সুযোগ থাকে, তাদের বৈধতা দিয়ে দেন। তবে যারা নেতিবাচক কন্ট্রিবিউশন রাখছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা শুধুমাত্র টাকা বানানোর জন্য করছে, তাদের সিলগালা করতে হবে। আমরা অনেক কিছু ছাড় দিতে পারি, কিন্তু জীবন-মরণের প্রশ্নে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার, সাংবাদিক আলী আকবর টুটুলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা।
সভায় ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
