দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণে ঢাকা কাজ করছে: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিদেশে অবস্থানরত দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব আইনি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'ফ্যাসিবাদী সরকারের সাবেক প্রধানমন্ত্রীসহ গতকাল দণ্ডিত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে বিদ্যমান আইনের আওতায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।'
প্রতিমন্ত্রী বলেন, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডিত বলে উল্লেখ করা সাত ব্যক্তির বিষয়ে গতকালের রায় ও অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর সরকার প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া শুরু করবে।
তিনি বলেন, 'প্রয়োজনীয় সব নথিপত্র আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় আমরা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করব এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।'
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বাংলাদেশের প্রত্যাশিত অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে প্রচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সরকারি পর্যায়ে চিঠিপত্র আদান-প্রদান চলছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণের বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা বলেন, নয়াদিল্লির কাছ থেকে ঢাকা এখনো সুনির্দিষ্ট কোনো জবাব পায়নি।
তিনি বলেন, 'কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আমরা বুঝতে পারছি, ভারতের নিজস্ব কিছু অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া থাকতে পারে, যা তারা অনুসরণ করছে।'
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য দণ্ডিত ও বাংলাদেশের প্রত্যাশিত ব্যক্তিদের দেশে না আনা পর্যন্ত সরকার তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের অনুমোদন দিতে বিলম্বের বিষয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে শ্যামা গণমাধ্যমকে অনুমাননির্ভর প্রতিবেদনের ওপর নির্ভর না করার আহ্বান জানান।
তিনি সাংবাদিকদের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি কিংবা সুনির্দিষ্ট তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করার অনুরোধ করেন।
