বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করার প্রস্তাব থাকতে পারে
আগামী ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষাখাতে সরকারি ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নীত করার লক্ষ্যে এ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশের সমান। সে তুলনায় নতুন অর্থবছরে প্রায় ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হতে পারে।
সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো শিক্ষাখাতে সরকারি বিনিয়োগ ধাপে ধাপে বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং 'লার্নিং উইথ হ্যাপিনেস' ধারণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
প্রস্তাবিত বাজেটে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফরাসি ও জার্মান ভাষা শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, দরিদ্র শিক্ষার্থীদের ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ, মিড-ডে মিল কর্মসূচির বিস্তার, 'ওয়ান টিচার, ওয়ান ট্যাব' কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উদ্যোগও বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থানমুখী শিক্ষা এবং বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
