শিক্ষাখাতের নানা সংকটের মধ্যেও এবারের এসএসসি ফল ভালো: শিক্ষামন্ত্রী
শিক্ষাখাতের নানা সংকটের মধ্যেও এবারের এসএসসি পরীক্ষার ফল ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে 'সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষাখাতের এত সংকটের পরও এই ফল অবশ্যই ভালো। এই নম্বর কি শিক্ষার্থীরা পাঁচ মাসে পেয়েছে? এটি দীর্ঘদিনের সংকটের ফল।'
তিনি বলেন, 'ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করছি। গত ২০ বছরে আমরা আরও পিছিয়ে গেছি। শিক্ষকসংকট ভয়াবহ।'
এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'এসএসসির ফলে ড্রপ হয়েছে, এটা বলা যায় না। কারণ জোর করে কি ফল করানো যায়? জোর করে পাস করানো যায়?'
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়নের মাধ্যমেই ফলাফল নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিনের শিক্ষা সংকটের প্রভাব ফলাফলে প্রতিফলিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
