‘ওয়ান্ডার ওম্যান’-এ ফিরছেন লিন্ডা কার্টনার
'ওয়ান্ডার ওম্যান'খ্যাত হলিউড অভিনেত্রী লিন্ডা কার্টনার ফিরছেন এই সুপারহিরো সিরিজে। বর্তমানে ৭০ বছর বয়সী লিন্ডা ১৯৭৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তুমুল জনপ্রিয় টিভি সিরিজে 'ওয়ান্ডার ওম্যান'-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এবার এই কাহিনির আসন্ন চলচ্চিত্র 'ওয়ান্ডার ওম্যান ৩'-এও নাম লেখালেন তিনি।
অবশ্য, গত বছর মুক্তি পাওয়া এই চলচ্চিত্র সিরিজের দ্বিতীয় সৃষ্টি 'ওয়ান্ডার ওম্যান ১৯৮৪'-এও অতিথি শিল্পী হিসেবে স্মরণীয় ক্যামিও ছিল তার।
গত শনিবার লিন্ডা ও চলচ্চিত্রকার প্যাটি জেনকিন্স আসন্ন চলচ্চিত্রটি নিয়ে গণমাধ্যমে কথা বলেন। ব্যস্ততার কারণে সেখানে হাজির হতে পারেননি বর্তমান 'ওয়ান্ডার ওম্যান' তারকা গ্যাল গ্যাডোট।
লিন্ডা বলেন, 'আমি জানি ওয়ান্ডার ওম্যান আমার কাছে কী! কমিক বইয়ের পাতা থেকে নয়, বরং (অভিনয় করতে করতে) নিজের ভেতর থেকে চরিত্রটিকে আমি গড়ে তুলেছি।'
'এই দুনিয়ায় যত নারী ও বালিকা সাহসী ও দৃঢ়চেতা হওয়ার সাহস রাখে, তাদের সবার মধ্যেই রয়েছে ওয়ান্ডার ওম্যানের শক্তি,' যোগ করেন তিনি।
-
সূত্র: নিউইয়র্ক পোস্ট
