মেয়ের জন্মের পর প্রথমবার প্রকাশ্যে বিরাট-আনুশকা, ধন্যবাদ জানালেন পাপারাজ্জিদের
গত ১১ জানুয়ারি মা হয়েছেন বলিউড তারকা আনুশকা শর্মা। আর সন্তানের জন্ম দেওয়ার ঠিক ১০ দিনের মাথায় প্রথমবার প্রকাশ্যে এলেন এ নায়িকা; সঙ্গে তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। এদিন মুম্বাইয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন এই তারকা দম্পতি।
চিকিৎসকদের কাছে রুটিন চেক-আপের জন্য যাওয়ার আগে দেখা মিলল বিরুশকার। সন্তানের জন্মের পরেও একদম ফিট আনুশকার দেখা মিলল। ব্লু ডেনিম আর ম্যাচিং শার্টে পাওয়া গেল বিরাট ঘরনিকে। করোনা আবহে মুখ ঢাকা ছিল সাদা মাস্কে, সঙ্গে কালো রঙা স্লিং ব্যাগ ঝোলানো ছিল কাঁধে। খোলাচুল আর মেকআপহীন লুকে মিষ্টি লাগছিল আনুশকাকে।
মেয়ের জন্মের খুশি ফুটে উঠেছে বাবা-মা দুজনের চোখেমুখেই। বিরাটের দেখা মিলল কালো শার্ট ও প্যান্টে। মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
এদিন পাপারাজ্জিদের আবদার মেনে বেশ কয়েক মিনিট ধরে পোজ দিলেন বিরাট-আনুশকা। সবশেষে আনুশকা ধন্যবাদ জানালেন সাংবাদিক বন্ধুদের। তারকা দম্পতির আর্জি মেনে তাদের সন্তানদের ছবি না তোলবার সিদ্ধান্ত নিয়েছেন পাপারাজ্জিরা। বাবা-মায়ের এই আবেদন মেনে নেওয়ায় খুশি আনুশকা। তিনি সকলকে ধন্যবাদ জানালেন।
মেয়ের গোপনীয়তা বজায় রাখতেই তার ছবি সোশ্যাল মিডিয়া কিংবা মিডিয়াতে প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নিয়েছেন এই পাওয়ার কাপল। গত সপ্তাহেই মুম্বাইয়ের পাপারাজ্জিদের কাছে বিরাট-আনুশকার তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, '…বাবা-মা হিসাবে আমাদের একটা অতি সাধারণ অনুরোধ রয়েছে আপনাদের কাছে। আমরা নিজেদের সন্তানের গোপনীয়তা বজায় রাখতে চাই, এই কাজে আপনাদের সাহায্য ও সমর্থন প্রয়োজন। আমরা আগামিতেও নিশ্চিত করব আমাদের সবরকমের কনটেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে যা কিছু সহযোগিতা করা সম্ভব সেগুলো মেনে চলা। আমরা আবেদন জানাচ্ছি, দয়া করে আমাদের সন্তানের কোনোরকম ছবি আপনারা তুলবেন না বা কোথাও ছড়িয়ে দেবেন না। আশা করছি আপনারা বুঝবেন আমরা কোন পরিস্থিতি থেকে এই কথাগুলো বলছি, এবং এর জন্য আগাম ধন্যবাদ।'
কথামতোই এদিন সাংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পোজ ছিলেন বিরাট-আনুশকা। তারকারা অনুমতি না দিলে তাদের সন্তানদের ছবি তোলেন না পাপারাজ্জিরা। এই উদাহরণ আগেও বহুবার চোখে পড়েছে।
