এবার সংসদেও কাদেরের ‘খেলা হবে’
রাজনৈতক অঙ্গনে বহুল চর্চিত স্লোগান 'খেলা হবে' এবার জাতীয় সংসদেও আলোচনায় এসেছে। বুধবার সংসদের বৈঠকে আলোচনায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এই খেলা বন্ধের দাবি তোলেন। জবাবে ওবায়দুল কাদের অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে খেলা চালু রাখার কথা বলেন।
হারুনুর রশীদ অভিযোগ করে বলেন, 'দেশ এখন জনদুর্ভোগের দেশে পরিণত হয়েছে। এই জন অসন্তোষকে লাঘব করার সরকারের কোন পদক্ষেপ আছে বলে মনে হয় না।'
বিমানবন্দর সড়কে যানজটের প্রসঙ্গ তুলে নিজের অভিজ্ঞতা তুলে তিনি বলেন, 'বিমানের নির্ধারিত সময়ের আধঘণ্টা পরে পৌঁছাই। পথে শত শত বিমানযাত্রী বাচ্চাকাচ্চা দিয়ে হেঁটে যাচ্ছে, আর সরকারকে গালিগালাজ করছে। এটা একদিনের সমস্যা নয়। ঢাকা-গাজীপুর সড়কে প্রতিনিয়ত জনদুর্ভোগ হচ্ছে।'
তিনি আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য যথাযথ ট্রাফিক ব্যবস্থাসহ আলাদা প্যাসেজ তৈরির দাবি করেন। এছাড়া বিমানবন্দরে তল্লাশির নামে যাত্রীদের হয়রানি করা হয় বলে অভিযোগ করেন।
সড়ক পরিবহন মন্ত্রীকে উদ্দেশ্য করে হারুন বলেন, 'যোগাযোগ মন্ত্রী প্রায়ই বলছেন খেলা হবে। আগামী ১০ ডিসেম্বর খেলা হবে। আমরা এমন খেলা দেখতে চাচ্ছি না যে মানুষ দুর্ভোগে পড়েন। এ দেশে দ্রব্যমূল্য, বিদ্যুৎ এগুলো নিয়ে বিএনপি গত কয়েক কমাস যাবৎ সভাসমাবেশ করছে। আপনি কেন পরিবহন বন্ধ করছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে বলেন, কী কারণে পরিবহন বন্ধ হয়েছে বলতে পারব না।'
'দেশ চালাচ্ছেন কেন আপনারা? আগামী ৫ তারিখে বরিশাল সমাবেশ হবে। লঞ্চ বন্ধ, বাস বন্ধ, থ্রি-হুইলার বন্ধ। ট্রেন বন্ধ। সবকিছু বন্ধ। এর ফলশ্রুতিতে যে জন অসন্তোষ তৈরি হচ্ছে তা কল্পনা করা যায় না। যোগাযোগ মন্ত্রী আছেন দয়া করে দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেন। জনদুর্ভোগ আর বাড়িয়েন না,' বলেন তিনি।
এর জবাবে ওবায়দুল কাদের বলেন, 'বিরোধী দল হলেই বিরোধিতার খাতিরে বিরোধিতা করা সংস্কৃতিতে পরিণত হয়েছে। পদ্মা সেতু হয়ে গেছে, মেট্রো রেল সামনে হচ্ছে। গাজীপুরের এলিভেটেডওয়ের কাজ এগিয়ে গেছে। কর্ণফুলী টানেল রেডি। কী চান আর? যেদিকে তাকান ফ্লাইওভার, আন্ডারপাস, ওভার পাস।'
'আপনাদের সময় কী ছিল? জিরো। ওই জিরোর বিরুদ্ধে খেলা হবে। ওই জিরো যে করছেন! ভোগান্তিতে রেখেছেন লাখো কোটি মানুষকে। সেটির বিরুদ্ধেই খেলা হবে।'
ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্পের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, 'গাজীপুরে পানির লাইন খুবই খারাপ। আমি নিজেও ভোগান্তিকে গলার কাঁটাও বলেছি। স্বীকার করেছি। এই সব স্বীকার করার কালচার আপনাদের মধ্যে নেই। প্রকাশ্যে বলেছি প্রকল্পটার ডিজাইনে ত্রুটি ছিল। সে কারণে সমস্যা হয়েছে। কিন্তু আজকে পরিস্থিতি স্বাভাবিক। ওই রাস্তা এখন স্বাভাবিক। ৬ তারিখে ইনকামিংটা খুলে দেব।'
তিনি বলেন, 'এত কাজ সরকার করছে, একটাতে ভুল ত্রুটি হতে পারে। আমরা তো স্বীকার করেছি। অস্বীকার করিনি।'
ধর্মঘট নিয়ে অভিযোগের জবাবে কাদের বলেন, 'বাস ধর্মঘট কেন হয়েছে, শিমুল বিশ্বাসকে জিজ্ঞেস করুন। কেন মন্ত্রী বলবে? সে পরিবহনের নেতা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সে কোন দলের? সে একটা স্টেটমেন্ট দেয় না কেন? সে কি বিএনপি নাকি অন্য কোনো দলের? আপনাদের দলের নেতা। তাকে জিজ্ঞেস করুন।'
'আগুনে বাস পোড়ানোর পর এখন বাসওয়ালারাও আর বিশ্বাস করে না। এরা বিএনপিকে দেখলেই মনে করে আগুন নিয়ে আসছে। বিএনপিকে দেখলেই মনে করে পেট্রল বোমা। বিএনপিকে দেখলেই মনে করে ককটেল'
'খেলা হবে। এর বিরুদ্ধেই খেলা হবে। আমি বলছি খেলা হবে, খুনের রাজনীতির বিরুদ্ধে। খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে। খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। খারাপ কী বলেছি?' যোগ করেন ওবায়দুল কাদের।
