সীতাকুণ্ডে জ্বর-কাশিতে নারীর মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বর, সর্দি ও কাশি নিয়ে এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই নারী মারা গেছেন- এমন সন্দেহে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বুধবার বেলা ১১টা পর্যন্ত পারিবারিক কবরাস্থানে তার দাফনের প্রস্তুতি চলছিল।
নাম প্রকাশ না করার শর্তে নিহতের প্রতিবেশী জানান, ওই নারীর বৃদ্ধা মা এক সপ্তাহ আগে সর্দি-কাশি-জ্বর নিয়ে চিকিৎসাধিন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। চমেকে মায়ের সেবা করতে গিয়ে ওই নারীও অসুস্থ হয়ে পড়েন।
মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিরার কাজীপাড়াস্থ বাবার বাড়ি থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ফেরত পাঠান। এরপর সন্ধ্যায় তাকে বাবার বাড়িতে না নিয়ে সীতাকুণ্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ নিজ বাড়িতে নেওয়া হয়। বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
প্রতিবেশী আরও বলেন, ওই নারীর মৃত্যুতে পুরো এলাকায় করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, আমরা আতঙ্কে আছি। প্রশাসনের উচিত ছিল তার করোনা ভাইরাস পরীক্ষা করা।
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু বলেন, ওই নারীর মৃত্যুর বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। আতঙ্কে মৃত ব্যক্তির বাড়ির আশপাশে কেউ যাচ্ছে না। আমি লাশ তাড়াতাড়ি দাফন করার পরামর্শ দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সর্দি, কাশি ও জ্বর নিয়ে এক নারীর মৃত্যুর খবর শুনেছি। ওই নারীর করোনা ভাইরাস পরীক্ষা করা হয়নি। তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না এ বিষয়ে আমরা নিশ্চিত নই।
