স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
চট্টগ্রামের হাটহাজারীতে স্ত্রী চা দিতে দেরি করায় ক্ষোভে দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচাকে আটক করেছে পুলিশ।
ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। তার নাম উসমান গনি (৩০)। তিনি উপজেলার ৪ নম্বর মির্জাপুর ইউনিয়নের ফারিয়া-মুরাদপুর মেম্বারবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উসমান গনি তার ছোট ভাই রুম্মানকে (২৫) নিয়ে বসেছিলেন। এ সময় তিনি স্ত্রীকে চা দিতে বলেন। চা দিতে দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রীর কোলে থাকা শিশুকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানা পুলিশের উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. হাবিবুর রহমান টিবিএসকে বলেন, "ঘটনার পর শিশুটির চাচা রুম্মানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।''
এ ঘটনায় পারিবারিক অন্য কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, "ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
