রাবিতে ২০ জুনের পর স্বশরীরে পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো চলতি বছরের ২০ জুনের পর থেকে স্বশরীরে নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকদের অংশগ্রহণে এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা ড. মো. আজিজুর রহমান।
তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের ২০১৯ সালের স্থগিত পরীক্ষাসমূহ ২০ জুন ২০২১-এর পর থেকে স্বশরীরে শুরু করতে পারবে। পরীক্ষা শুরুর তারিখ বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি নির্ধারণ করবে। এছাড়া, বিভাগসমূহ ২০২০ সালের যে কোন একটি বর্ষের/সেমিস্টারের পরীক্ষার কার্যক্রম অনলাইনে ক্লাস শেষ হওয়া সাপেক্ষে ৪ জুলাই ২০২১ থেকে স্বশরীরে শুরু করতে পারবে। কোন বর্ষের পরীক্ষা শুরু হবে তা বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। পর্যায়ক্রমে ২০২০ সালের বাকি বর্ষগুলোর পরীক্ষা শুরু হবে।
