ভাড়া নিয়ে বাকবিতণ্ডা: যাত্রীকে লাথি মেরে বাস থেকে ফেলে দিলেন হেলপার
চট্টগ্রাম নগরীতে ৩ টাকা বাস ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে হেলপারের বিরুদ্ধে।
শুক্রবার রাতে নগরের লালখান বাজারের ইস্পাহানি মোড় এলাকায় এ ঘটনার পর রাতেই বাস চালক মো. আশরাফকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এরপর শনিবার আটক করা হয় হেলপার মো. হানিফকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী আব্দুল হামিদ (৫৫) দুই নম্বর গেইট থেকে লালখান বাজার পর্যন্ত পাঁচ টাকা ভাড়া দেন। হেলপার তার কাছ থেকে ৮ টাকা দাবি করে। কিন্তু হামিদ তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাস হেলপার হামিদকে গাড়ি থেকে লাথি দিয়ে রাস্তায় ফেলে দেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বহদ্দারহাট থেকে পতেঙ্গাগামী ১০ নম্বর (চট্টমেট্রো জ-১১-১৮৭২) বাসে আব্দুল হামিদ দুই নম্বর গেইট এলাকা থেকে বাসে উঠেন। সেখান থেকে লালখান বাজার পর্যন্ত ৫ টাকা ভাড়া দেন। এ নিয়ে হেলপারের সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে হামিদকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। পরে তাকে স্থানীয়রা আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আব্দুল হামিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় আবদুল হামিদ বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ওসি নেজাম উদ্দিন।
