চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। মঙ্গলবার (১০ মার্চ) ডাকযোগে এ নোটিশটি পাঠানো হয়।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় শত শত অবৈধ ইটভাটা চলমান থাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে মর্মে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ২০২০ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে। ওই রিটের শুনানি শেষে আদালত একই বছরের ১৪ ডিসেম্বর রুল জারি করে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেন।
ওই নির্দেশ অনুসারে, সব অবৈধ ইটভাটা বন্ধ না করার পরিপ্রেক্ষিতে একটি সম্পূরক আবেদন দাখিল করে ২০২১ সালে ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে এইচআরপিবি। এরপর প্রায় শতাধিক অবৈধ ইটভাটা ভেঙে আদালতে প্রতিবেদন দাখিল করে ২০২১ সালের ১৩ জুন তৎকালীন চট্টগ্রামের ডিসি আদালতে ক্ষমা প্রার্থনা করে অন্যান্য ইটভাটাগুলো বন্ধের প্রতিশ্রুতি দেন।
মনজিল মোরসেদ আরও জানান, আদালত একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যে সব ইটভাটা বন্ধ করা হয়েছিল, সেগুলো বর্তমানে চালু রয়েছে মর্মে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
এসব প্রতিবেদন থেকে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে আদালতের নির্দেশ পালন করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি জানান, গত ১৪ নভেম্বর একটি পত্রিকার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় লোহাগড়া উপজেলায় ৩৮ ইটভাটার মধ্যে ৩৭টির লাইসেন্স নেই। এছাড়াও সাতকানিয়া, রাউজান, ফটিকছড়ি, পটিয়া, আনোয়ারাসহ বিভিন্ন উপজেলায় শত শত ইটভাটা আদালতের নির্দেশ অমান্য করে চলমান রয়েছে।
ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে চট্টগ্রামের বর্তমান ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে সব ইটভাটা হাইকোর্টের নির্দেশ অনুসারে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। নতুবা তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে।
