চট্টগ্রামে আমানত ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে গ্রাহকদের বিক্ষোভ
চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হালিশহর জোনাল অফিসে বিক্ষোভ করেছেন আমানতকারীরা। আমানত ফেরত না পাওয়া, ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতা এবং দুই মাসেও 'হেয়ার কাট' বাতিলের ঘোষণা বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
আজ সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন এলাকার দেড় শতাধিক ভুক্তভোগী গ্রাহক অংশ নেন।
তারা বলেন, ১০-১৫ দিন ধরে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা চট্টগ্রামের বিভিন্ন শাখা পরিদর্শন করেছেন। প্রায় প্রতিটি শাখাতেই আমানতকারীদের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। সমস্যা সমাধানে বারবার কর্তৃপক্ষের কাছে গেলেও কার্যকর সমাধান না পাওয়ায় তারা জোনাল অফিসে গিয়েছেন।
কেরানীহাট, মহেশখালী, পটিয়া ও আনোয়ারাসহ বিভিন্ন এলাকা থেকে আমানতকারীরা কর্মসূচিতে যোগ দেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজেদের জমানো টাকা ফেরত না পাওয়ায় অনেকেই পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েছেন।
আমানতকারীরা জানান, তারা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়ে টাকা ফেরতের দাবি জানিয়েছেন। প্রতিবারই তাদের সময় দেওয়া এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার বিষয়টি সংসদে তুলে ধরেছেন। এরপর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে 'হেয়ার কাট' বাতিলের ঘোষণা দেন। তবে প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি বলে অভিযোগ করেন তারা।
অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম কমিটির সহ-সভাপতি শারমিন আক্তার বলেন, "আমরা টাকা রেখে আজ মানবেতর জীবনযাপন করছি। কেউ মায়ের চিকিৎসা করাতে পারছি না, কেউ সন্তানের পড়াশোনার খরচ দিতে পারছি না। আমাদের অপরাধটা কী? কেন আমাদের টাকা দেওয়া হচ্ছে না? আমরা আজ তাদের কাছে জিম্মি। আর কত আন্দোলন করতে হবে? আমরা দ্রুত এর সমাধান চাই।"
অমানতকারীদের দাবির পরিপ্রেক্ষিতে জোনাল অফিস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উপস্থিত ভুক্তভোগীদের মধ্যে প্রায় ৬৬ জনের সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়। একইসঙ্গে অন্যান্য জরুরি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রধান কার্যালয়ে পাঠানোর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
আমানতকারীরা বলেন, দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত আমানত ফেরত এবং 'হেয়ার কাট' বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা।
দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম কমিটির সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাজি জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি শারমিন আক্তার, অর্থ সম্পাদক এ কে এম আলাউদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং মুখপাত্র আলীশাহ মো. নাজমুল হাসানের নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
