ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিজিবির সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ৫ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে মোদি বিরোধী আন্দোলনকারী হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
আজ শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে জেলা সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন নন্দনপুরের হারিয়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে জুরু আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাবিড় মিয়ার ছেলে বাদল মিয়া (২৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের জুরু আলীর ছেলে সুজন মিয়া (২২), বুধল ইউনিয়নের বুধল গ্রামের প্লাম্বার শ্রমিক মো. কাউওসার (২২) এবং সদর উপজেলার সরিদপুর গ্রামের জুবায়ের (১৭)।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় কাউসার মিয়া, নুরুল আমিন, বাছির মিয়া ও ছাদেক মিয়া নামে চারজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নন্দনপুর বাজার এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে মোদি বিরোধী হেফাজত ইসলামের আন্দোলনকারীদের সংঘর্ষ বাঁধে। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
