কেরাণীগঞ্জের আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে
দক্ষিণ কেরাণীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধদের মধ্যে আরও দু’জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।
রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। তারা হলেন রাজ্জাক ও মুস্তাকিন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন জানান, চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে, দক্ষিণ কেরাণীগঞ্জের হিজলতলা এলাকায় বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে একটি প্লাস্টিক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কারখানার আহত শ্রমিকরা জানান, প্লাস্টিকের ওয়ানটাইম গ্লাস তৈরির সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
