কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার নাজমুল হাসান মনি (২৫) নামে এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান।
আবেদনে বলা হয়, গ্রেপ্তার আসামি মামলার ঘটনার সাথে জড়িত আছে মর্মে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক থাকার সম্ভাবনা রয়েছে। আসামি দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে জেল হাজাতে আটক রাখা প্রয়োজন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত সোমবার বিকালে পল্লবীর কালশী বস্তির এক দোকানির সঙ্গে স্থানীয় এক যুবকের ঝগড়া হয়। ওই যুবক অগ্নিকাণ্ডের হুমকি দিয়েছিল বলে অভিযোগ বাসিন্দাদের। এরপর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটলে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় বস্তিটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নির্বাপণ করে রাত সাড়ে ৩টার দিকে। আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
