‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের ক্ষোভ ও অভিযোগ প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গতকাল (৭ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী। আদেশে বলা হয়, 'জনস্বার্থে' এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে আদেশে অন্য কোনো কারণ উল্লেখ করা হয়নি।
একই আদেশে নগরীর আকবরশাহ ও চকবাজার থানার ওসি পদেও রদবদল আনা হয়েছে। চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি এবং আকবরশাহ থানার ওসি কামরুজ্জামানকে খুলশী থানায় বদলি করা হয়েছে। আর খুলশীর ওসি আবদুর রহিমকে পাঠানো হয়েছে সিটিএসবিতে। গত ২৭ আগস্ট খুলশী থানার দায়িত্ব নিয়েছিলেন আবদুর রহিম।
এর আগে গতকাল দুপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে 'বিহারি বগা'কে পুলিশের গ্রেপ্তারের চেষ্টা নিয়ে ওসি আবদুর রহিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মেয়র শাহাদাত হোসেন। মেয়র অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাকলিয়া থানার ওসির দায়িত্বে ছিলেন আবদুর রহিম। ওই সময়ে এমন একটি গুরুত্বপূর্ণ থানার ওসির দায়িত্বে থাকা এক কর্মকর্তা কীভাবে এখন খুলশী থানার মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেন, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
মেয়র আরও দাবি করেন, আবদুর রহিম দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের কোনো নেতাকেই গ্রেপ্তার করা হয়নি।
এদিকে গত ৬ অক্টোবর রাতে সিটি করপোরেশন ভবনে বগাকে গ্রেপ্তারের চেষ্টায় পুলিশকে বাধা দেওয়া এবং নিজের গাড়িতে করে তাকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ অস্বীকার করেন মেয়র। সাংবাদিকদের তিনি বলেন, 'যদি কোনো সাংবাদিক প্রমাণ করতে পারেন যে ওয়াকিল আমার গাড়িতে উঠে সিটি করপোরেশন ত্যাগ করেছে, তবে আমি রাজনীতি ছেড়ে দেব।'
ওয়াকিলকে আওয়ামী লীগের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করার বিরোধিতা করে মেয়র বলেন, 'ওয়াকিল কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী নয়। সে গত ১৭-১৮ বছর ধরে আন্দোলন-সংগ্রামে ছিল। জুলাই-আগস্টের একজন যোদ্ধাও সে।'
ওয়াকিলের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে মামলা দেওয়ার দাবি করে তিনি বলেন, 'গত ১৬ বছরে তাকে প্রায় ৭০-৮০টি মামলা দেওয়া হয়েছে।'
মেয়র বলেন, 'সিটি করপোরেশন সবার জন্য উন্মুক্ত। এখানে বিভিন্ন দলের, বিভিন্ন মতের মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। আমি কোনো বিশেষ দল বা গোষ্ঠীর মেয়র নই। আমি চট্টগ্রামের আপামর জনসাধারণের মেয়র।'
মেয়র বলেন, সিটি করপোরেশনের বাইরে কোনো ওয়ান্টেড আসামি থাকলে তাকে গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব।
তবে পুলিশ জানিয়েছে, বগা সিটি করপোরেশন ভবনের ভেতরে ছিলেন এমন কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে ছিল না। ওই এলাকায় তার উপস্থিতির খবরের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল। বগাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মেয়রের এসব অভিযোগের বিষয়ে ওসি আবদুর রহিমের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কে এই 'বিহারী বগা'
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত ওয়াকিল হোসেন ওরফে 'বিহারী বগা'। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজির অভিযোগে ২৩টি মামলা রয়েছে।
সম্প্রতি এক কলেজশিক্ষককে মারধরের ঘটনায় তাকে গ্রেপ্তার করতে গেলে তার অনুসারীদের হামলায় ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন বলে পুলিশের অভিযোগ। এর আগে ওসিকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগেও তিনি আলোচনায় আসেন।
বিভিন্ন অভিযোগে গত ৮ জুন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। তিনি নগর বিএনপির এক শীর্ষ নেতার অনুসারী হিসেবে পরিচিত।
