বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
রাজধানীর বাড্ডা থানার পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকার একটি চিপস ফ্যাক্টরি থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) ভোরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন- মো. মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। মোস্তফা রংপুর জেলার তারাগঞ্জ থানার বড় কুমারপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। মাহমুদুল হাসান ওই থানার কাজীপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। তারা ওই কারখানায় থাকতেন বলে জানা গেছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, 'খবর পেয়ে আমরা ভোর ৪টার দিকে পূর্ব বাড্ডা কবরস্থান রোডে আমির হোসেনের চিপস কারখানায় পৌঁছাই। এরপর কারখানার ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করি।'
তিনি আরও বলেন, 'আশপাশের লোকজনের কাছে জানতে পারি, নিহত দুই যুবক ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আগুনে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।'
