ধানমন্ডিতে এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে এপেক্সের শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজারের দক্ষিণ পাশে অবস্থিত ওই ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তিতে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
