না ফেরার দেশে স্পিন জাদুকর
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এবং তর্কসাপেক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্পিন জাদুকর। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ওয়ার্ন। খবর ফক্স ক্রিকেটের।
ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা শনিবার ভোরে (অস্ট্রেলিয়ার সময়) একটি সংক্ষিপ্ত বিবৃতিতে খবরটি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের কোহ সামুইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, 'শেনকে তার ভিলায় নিস্তেজ অবস্থা পাওয়া যায়। চিকিৎসা কর্মীদের সর্বোত্তম প্রচেষ্টার পরও বাঁচানো যায়নি।'
অস্ট্রেলিয়ার জার্সিতে ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন কিংবদন্তি এই লেগ স্পিনার, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৪ ওয়ানডেতে তার নামের পাশে আছে ২৯৩ উইকেট। ধারাভাষ্যকার, বিশেষজ্ঞ হিসেবে মাঠের বাইরের জীবনেও সমান খ্যাতি ছিল ওয়ার্নের।
সূত্র: ফক্স ক্রিকেট।
