একদিন আগে বদলে গেল বিপিএল ফাইনালের সময়
প্রায় এক মাসের মাঠের লড়াইয়ের পর শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ১৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঘরোয়া টি-টোয়েন্টি আসরটির ফাইনাল। প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল। দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল উঠবে ফাইনালে।
ফাইনালের সময় আগেই ঠিক করা ছিল। কিন্তু একদিন আগে হঠাৎ-ই বদলে গেছে ফাইনালের সময়। আগের সূচি অনুযায়ী ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়। বিকাল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, '১৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার জয়ী দল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশালের।'
এবারের বিপিএলে শুক্রবার ছাড়া অন্যান্য দিনের ম্যাচ শুরু হয়েছে সাড়ে ১২টায়, সন্ধ্যার ম্যাচ মাটে গড়িয়েছে বিকাল সাড়ে ৫টায়। শুক্রবার দিনের ম্যাচ দেড়টায় ও সন্ধ্যার ম্যাচ শুরু হয়েছে সাড়ে ৬টায়।
১৮ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় ফাইনাল সাড়ে ৬টায় শুরু করার পরিকল্পনা ছিল আয়োজকদের। কিন্তু নিজেদের মধ্যে আলোচনার পর এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল কর্তৃপক্ষ।
