তাসকিনকে নিয়েই বাংলাদেশের বিশ্বকাপ দল, নেই সাইফউদ্দিন
১৩ মে বিশ্বকাপের দল ঘোষণা করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু তাসকিন আহমেদকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সেটা হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে শরীরের ডান পাশের মাংসপেশিতে চোট পান ডানহাতি এই পেসার। তার ব্যাপারে নিশ্চিত হতে অপেক্ষা ছিল এমআরআই রিপোর্টের। সেই রিপোর্ট সোমবার হাতে পাওয়ার পর স্কোয়াড চূড়ান্ত করে ফেলা হয়। শঙ্কা তৈরি হলেও তাসকিনকে নিয়েই স্কোয়াড গড়া হয়েছে, তাকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্বও। প্রথমবারের মতো এই দায়িত্ব পেলেন তিনি।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ১৫ সদসের দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার সঙ্গে ছিলেন বাকি দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। অনুমেয়ভাবেই ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর ফিরে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নেওয়া হয়নি বিশ্বকাপ মিশনের দলে। গত ১ মে আইসিসিকে বিসিবির পাঠানো স্কোয়াডে ছিলেন তিনি। সেই দল থেকে কেবল তিনিই বাদ পড়েছেন।
শেষ মুহূর্তেও যে স্কোয়াড নিয়ে দ্বিধা-সংশয় ছিল, সেটা বোঝা গেছে কালক্ষেপণে। সাড়ে ১২টায় সময় দেওয়া হলেও সংবাদ সম্মেলন শুরু হয় সোয়া ১টায়। দ্বিধা ছিল মূলত সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিবের মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার ক্ষেত্রে। প্রধান নির্বাচক জানান, সাইফউদ্দিনকে পরখ করে তাকে বিশ্বকাপে নেওয়ার জন্য উপযুক্ত মনে হয়নি নির্বাচকদের কাছে। তানজিম সাকিবের একাগ্রতা, চেষ্টা ও ধারাবাহিকতার কারণে তাকে বেছে নেওয়া হয়েছে।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির জন্য দেওয়া দলটিই হবে বাংলাদেশের বিশ্বকাপ দল, তা আগেই অনুমান করা গেছে। হয়েছেও তেমনই, ওই দল থেকে দুই-একটি পরিবর্তন এসেছে বিশ্বকাপ দলে। দুজন ক্রিকেটারকে অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে। তারা হলেন আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।
মূলত যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে বিকল্প হিসেবে এ দুজনকে সাথে নিয়ে যাবে বাংলাদেশ। যদিও দুজনের কেউ-ই আলোচনায় ছিলেন না, হঠাৎ করেই তাদের নাম সামনে চলে এসেছে। এই দলটিই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজে খেলা হবে না তাসকিনের। বিশ্বকাপেরও দুই-একটি ম্যাচও মিস করতে পারেন তিনি।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিতে আগামী ১৫ মে দিবাগত রাত ১টা ১৪ মিনিটে দেশ ছাড়বে বাংলাদেশ। বিশ্বকাপ ও আসরটির প্রস্তুতি ম্যাচ খেলার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে শান্তর দল। টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ২১, ২৩ ও ২৫ মে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। এই সিরিজে খেলা হবে না তাসকিনের, তার বিকল্প হিসেবে দলের সঙ্গে যাবেন ডানহাতি তরুণ পেসার হাসান মাহমুদ।
১ জুন মাঠে গড়াবে বিশ্বকাপ। বাংলাদেশের মিশন শুরু হবে ৮ জুন। 'ডি' গ্রুপে থাকা দলটি নিজেদের প্রথম ম্যাচে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। পরের ম্যাচটি ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই দুটি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে যথাক্রমে ১৩ ও ১৬ জুন খেলবে তারা।
বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক) লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও শরিফুল ইসলাম।
ভ্রমণ রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ
