বিশ্বকাপে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ কলকাতা ও গুয়াহাটিতে!
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৫ মাস। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ৯টি করে ম্যাচ। এখনো টুর্নামেন্টের ফিক্সচার নির্ধারিত হয়নি।
বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্স এবং গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে। বাংলাদেশ থেকে খেলা দেখতে যাওয়া দর্শকদের ভ্রমণের সুবিধার কথা চিন্তা করেই এমনটা করা হতে পারে বলে জানিয়েছে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
এদিকে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০১৬ সালে সর্বশেষ ভারতের মাটিতে খেলেছিল দুই দল। এবারের বিশ্বকাপে আবারো চির প্রতিদ্বন্দ্বীদের মাঠে খেলবে পাকিস্তান।
সেই ম্যাচটি কোথায় হবে সেটি এখনো নিশ্চিত নয়। আহমেদাবাদেত নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নামই শোনা যাচ্ছে বেশি। কারণ ভারত-পাকিস্তান ম্যাচের টিকেটের চাহিদা প্রচুর। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা এক লাখের মতো। যার ফলে এখানেই ম্যাচটি হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও নিরাপত্তা জনিত কারণে দেখিয়ে পাকিস্তান নিজেদের ম্যাচগুলো খেলতে চায় ব্যাঙ্গালুরু এবং চেন্নাইয়ে, কলকাতাও আছে সেই তালিকায়।
আইপিএল শেষ হওয়ার পরপরই গ্র্যান্ড গালা পার্টির মধ্য দিয়ে বিশ্বকাপের ফিক্সচার ঘোষণা করবে বিসিসিআই। ৫ অক্টোবর থেকে শুরু হতে পারে টুর্নামেন্টটি।
