‘কোনো ম্যাজিক নেই, সব আল্লাহর রহমত’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট ফ্র্যাঞ্চাইজি মানেই যেন সেখানে কেবল হতাশার গল্প। একটি আসরে প্লে-অফ খেলাটা ফ্র্যাঞ্চাইজিটির জন্য ছিলো সর্বোচ্চ সাফল্য। কয়েকবার মালিকানা বদল হয়েছে, পাল্টেছে নামও; কিন্তু ভাগ্য বদলায়নি ফ্র্যাঞ্চাইজিটির। নতুন নামে সিলেট স্ট্রাইকার্সের আগমনেও তাই এবার সেভাবে আশার বেলুন ফোলেনি। উল্টো অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে কোচিং স্টাফদের প্রশ্ন করা হয়েছে, 'এবার ভাগ্য বদলাবে সিলেটের?'
ভাগ্য বদলেছে সিলেটের। এবারের দলটি যা করে দেখিয়েছে, তা করতে পারেনি সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজিই। জয় দিয়ে বিপিএল শুরু করা দলটি প্রথম পাঁচ ম্যাচে টানা জয় পায়। শুরুতেই শীর্ষস্থান দখল করা সিলেট প্লে-অফ নিশ্চিত করে সবার আগে। প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়া সিলেট মাঝে কেবল ২৪ ঘণ্টার জন্য শীর্ষস্থান হারায়। প্রথম কোয়ালিফায়ারে না পারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে শক্তিতে বেশ এগিয়ে থাকা রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালের টিকেট কাটে সিলেট।
সিলেটের পথচলা এমন দুর্বার হবে, আসর শুরুর আগে কেউ-ই তেমন ভাবেনি। এমনকি দলটিকেও বলতে দেখা যায়নি যে, তারা শিরোপা জিততে এসেছে। সবার পক্ষ থেকে বলা হয়েছে, ভারসাম্যপূর্ণ দল হওয়ায় এবার তারা আশাবাদী। আশা পূরণ হয়েছে, এবার শিরোপার স্বপ্ন দেখছে দলটি। সিলেটের এমন পারফরম্যান্সের পেছনে কি তবে মাশরাফি-ম্যাজিক? যদিও এমন আলোচনা উঠতেই তা থামিয়ে দিয়েছেন মাশরাফি। জানিয়েছেন, তার কোনো ম্যাজিক নেই। সৃষ্টিকর্তার রহমতে এটা সম্ভব হয়েছে।
মাশরাফি-ম্যাজিক ব্যাপারটি অবশ্য শুধু এবার সিলেটকে ফাইনালে তোলার কারণে নয়। বিপিএলে মাশরাফি মানেই দারুণ কিছু। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই টি-টোয়েন্টি আসরের সফলতম অধিনায়ক তিনি। রেকর্ড চারবার শিরোপা জিতেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিপিএলের প্রথম তিন আসরেই তার হাতে উঠেছে শিরোপা। প্রথম দুই আসরে শিরোপা জেতেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ২০১৫ সালে শক্তিশালী দল না পেলেও কুমিল্লাকে শিরোপা জেতান মাশরাফি। ২০১৭ সালে রংপুর রাইডার্সকে এনে দেন সেরার মুকুট।
পঞ্চমবারের মতো ফাইনাল খেলতে যাচ্ছেন অধিনায়ক মাশরাফি। বিপিএল এতো সফল কীভাবে, ম্যাজিক আছে? মাশরাফি বলেছেন, 'কোনো ম্যাজিক নেই, সব আল্লাহর রহমত। হারিনি বলে যে হারব না, তা নয়। আবার হেরে যাওয়ার জন্যও নামব না। আগে যা হয়েছে, তা স্মরণ করে লাভ নাই। আমাদের একটা ফাইনাল আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব।'
'যদিও কুমিল্লা দল অনেক অনেক ভালো, এই টুর্নামেন্টের যে কোনো দল থেকে। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সঙ্গে আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব না। আমরা পুরো টুর্নামেন্টে যে স্বাভাবিক খেলা খেলে এসেছি, নিজেদের দিকে যদি মনোযোগ ঠিক রাখতে পারি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় যদি অবদান ঠিকমতো রাখতে পারি, তাহলে কেন নয়? তবে সুনির্দিষ্ট করে আমার ম্যাজিক বলে কিছু নেই। ভালো খেলছে ছেলেরা। আশা করি, আরেকটা ম্যাচ ভালো খেলবে।' যোগ করেন সিলেট অধিনায়ক।
