নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো উত্তর বাড্ডায় নিজ বাসায় আত্মহত্যা করেছেন বলে ধারণা করাহচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বিভাগের একজন শিক্ষক ও মিমোর একজন সহপাঠীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আজ রোববার (২৬ মে) বিকাল ৩টায় বিভাগটির চেয়ারপারসন ও সহকারী অধ্যাপক কাজী তামান্না হক সিগমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী তামান্না হক সিগমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমি ভোর ৮ টায় খবর পেয়েছি। এ ঘটনায় বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও এক সহপাঠীকে পুলিশ হেফাজতে নিয়েছে।'
তিনি আরও বলেন, 'আমরা শুনতে পেয়েছি, একটা সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল— সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক। আরেকজন সহপাঠীর নামও ছিল সেখানে। সেখানে আরও লেখা ছিল— তোমরা দুইজন ভালো থেকো।'
এদিকে ডিএমপির বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল ইমরান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীর মরদেহ উত্তর বাড্ডা থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। যার প্রেক্ষিতে ঢাবির এক শিক্ষক ও তার এক সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। আরও অনেক শিক্ষার্থী এখানে আছেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, যদি তাদের কারো বিরুদ্ধে ওই শিক্ষার্থীর আত্মহত্যার পেছনে প্ররোচনা আছে বলে জানা যায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
