রাজধানীর বনশ্রীতে ১০ বছর বয়সি শিশুর আত্মহত্যা: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী গ্রেপ্তার
রাজধানীর বনশ্রীর একটি মাদ্রাসায় ১০ বছর বয়সি এক শিশুর আত্মহত্যার ঘটনায় ওই মাদ্রাসার আরেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার মামলায় মো. শিহাব হোসেন (১৯) নামের ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ।
বুধবার রাত ৮টায় পাবনা জেলার বেড়া উপজেলার খাকছাড়া গ্রামে অভিযান চালিয়ে শিহাবকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ।
হারুন অর রশিদ টিবিএসকে বলেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রীর সি-ব্লকে আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শৌচাগার থেকে মো. আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার করেছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় দেখা যায়, তার পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে, তারা শিহাব নামের আরেক শিক্ষার্থীর কথা জানান—যিনি এর আগেও মাদ্রাসার ৪ জন শিক্ষার্থীর সাথে অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত হয়েছে। কিন্তু শিশু মো. আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে তিনি পলাতক রয়েছেন। এই ঘটনায় আব্দুল্লাহর মা মোছাম্মৎ টুকু আরা খাতুন রামপুরা থানায় শিহাব ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেন। পরে গতকাল রাতে পাবনায় শিহাবের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
