ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম, ক্লাস এবং পরীক্ষা কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় তিনি গ্রেপ্তার হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৭ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার বিভাগের একাডেমিক কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষের এমএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বিভাগ শোকাহত। এ ঘটনার পর বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে এবং মামলার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এতে আরও বলা হয়, আইনগত প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম, ক্লাস এবং পরীক্ষা কমিটি থেকে ড. সুদীপ চক্রবর্তীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
