মাঠে নেমে পড়লেন মুশফিক
বন্দি অবস্থার শুরুর দিকেই মুশফিকুর রহিম বলেছিলেন, তার ব্যাটগুলো কাঁদছে। এরপর বিভিন্ন সময় মাঠে ফেরার তাড়নার কথা জানিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। সোমবার মিরপুর স্টেডিয়ামে গিয়ে নিজেকে আর ঘরে আটকে রাখতে পারলেন না মুশফিক। পরের দিন সকালেই নেমে পড়লেন মাঠে।
অনুশীলন শুরুর চিন্তা-ভাবনা করলেও বিসিবি অবশ্য মাঠ খুলে দেয়নি। মুশফিক তার অনুশীলন চালিয়েছেন বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের মাঠে। মঙ্গলবার সকালে দৃষ্টিনন্দন এই মাঠে দুই ঘণ্টার মতো রানিং ও স্ট্রেচিং করেছেন মুশফিক। সুযোগ পেয়ে নক করতেও ভোলেননি তিনি। মাঠের উইকেটে কিছুক্ষণ নকও করেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
রানিং করে মুশফিক যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন, সেটা তার ফেসবুক পোস্ট দেখেই বোঝা গেছে। রানিং করার একটি ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ।'
আগের দিন মিরপুর স্টেডিয়ামে গিয়েছিলেন মুশফিক। প্রিয় মাঠে গিয়ে ছবি তুলে সেটা ফেসুবকে পোস্ট করেন তিনি। পোস্ট করা ছবির ক্যাপশনে মুশফিক লেখেন, 'অসাধারণ এই ভেন্যুটিকে মিস করছি। শুধু মহান সৃষ্টিকর্তা জানেন কখন আমরা আবার অনুশীলন শুরু করতে পারব।'
বাংলাদেশ দলের মধ্যে অনুশীলনে সবচেয়ে বেশি সময় কাটান মুশফিক। আনুষ্ঠানিক ছুটির মধ্যেও মিরপুরে মুশফিককে অনুশীলনে দেখা যায়। ঘরে ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করলেও দীর্ঘদিন মাঠে যেতে না পেরে রীতিমতো ক্লান্ত হয়ে উঠেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
জুনের প্রথম দিকে ব্যক্তিগত অনুশীলনের জন্য বিসিবির কাছে আবেদন করেন মুশফিক। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় তাকে সেই অনুমতি দেওয়া হয়নি। সহসাই অনুমতি মিলবে, তেমনও নয়। এমন অবস্থায় ফর্টিস গ্রুপের মাঠে অনুশীলন করার সুযোগ পেয়ে যেন বন্দি অবস্থা থেকে একটু হলেও মুক্তি মিলল তার।
