করোনা ভাইরাস সতর্কতায় মাশরাফির বার্তা
বর্তমান সময়ে পুরো বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় অন্যান্য দেশের মতো বাংলাদেশও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। করোনা ভাইরাস সতর্কতায় বার্তা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মঙ্গলবার সিলেটে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। সেখান থেকে ড্রেসিং রুমে ফেরার পথে করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে কথা বলেন তিনি।
মাশরাফি বলেন, 'করোনা ভাইরাস নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। হাত ভালো করে ধুয়ে নেবেন সবাই। বাচ্চাদের হাত ভালো মতো ধুইয়ে দেবেন। যতটা সতর্ক থাকা সম্ভব, সতর্ক থাকবেন। সবার সুস্থতা কামনা করছি।'
এই ভাইরাস যেন বাংলাদেশে না ঢুকতে পারে এ জন্য ইতোমধ্যে বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। রোগ শনাক্ত করতে বেশ কয়েকদিন আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয়েছে থার্মাল স্ক্যানার।
করোনা ভাইরাস প্রতিরোধে আপাতত বিদেশে ভ্রমণ বা বিদেশ থেকে দেশের ফেরা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রীর অনুরোধ, জরুরী প্রয়োজন না থাকলে এই সময়ে কেউ যেন দেশে না ফেরেন।
সারাবিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, প্রায় ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এতে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা ভাইরাসে চীনের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ কোরিয়া।
এ ছাড়া ইতালি ও ইরানেও প্রকট আকার ধারণ করেছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ইতোমধ্যে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ৮৬ হাজার।
