‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে কর অব্যাহতির প্রস্তাব
'মেড ইন বাংলাদেশ' ব্র্যান্ডগুলোকে সহযোগিতা করার অংশ হিসেবে বাংলাদেশে অটোমোবাইল উৎপাদনে সম্পৃক্ত কোম্পানিগুলোর কর অব্যাহতির প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশকালে এ প্রস্তাব উপস্থাপন করেন।
দেশে তিন ও চার চাকার যানবাহন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কর ১০ বছরের জন্য শর্তসাপেক্ষে কর অব্যাহতির প্রস্তাব রাখেন মন্ত্রী।
আরও কিছু শর্তসাপেক্ষে এই কর অব্যাহতি আরও ১০ বছর বাড়ানো হতে পারে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, "দেশে মেগা শিল্পের বিকাশ এবং আমদানি বিকল্প শিল্পোৎপাদনকে ত্বরান্বিত করার স্বার্থে 'মেড ইন বাংলাদেশ' ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে বাংলাদেশে অটোমোবাইল-থ্রি হুইলার এবং ফোর হুইলার উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে দশ বছর মেয়াদে কর অব্যাহতি এবং আরো কিছু শর্ত সাপেক্ষে আরো দশ বছর কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।'
'এছাড়াও কতিপয় হোম অ্যাপ্লায়েন্সেস ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্য এবং হালকা প্রকৌশল শিল্পের পণ্যের উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে দশ বছর মেয়াদি কর অব্যহতি প্রদানের প্রস্তাব করছি,' বলেন অর্থমন্ত্রী।
